কাপ্তাই হ্রদে আজ থেকে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ
রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ ১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরা ও বাজারজাতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এতে বলা হয়েছে, হ্রদে মাছের সুস্থ প্রজনন ও হ্রদের ভারসাম্য রক্ষার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর বলেন, কাপ্তাই হ্রদে ১৯ হাজার ৪৭৬ জন তালিকাভুক্ত জেলে রয়েছেন। মাছ ধরা নিষিদ্ধ থাকাকালে এসব জেলের প্রত্যেককে মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। চাল-সহায়তা আরও বাড়ানোও হতে পারে।
অবৈধ মাছ শিকার বন্ধে নৌপুলিশ হ্রদে টহল দেবে বলে জানান রাঙামাটির মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য জেলার বিভিন্ন হাটবাজার তদারকি করবেন তাঁরা।
রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হতে পারে।