কাপ্তাই হ্রদে আজ থেকে মাছ আহরণ বন্ধ
আজ সোমবার রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, শুকানো ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হ্রদে মাছের সুস্থ প্রজনন, বংশবৃদ্ধি এবং হ্রদের ভারসাম্য রক্ষায় রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা পর্যন্ত আহরণ করা মাছ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন করতে হবে। তবে শুঁটকি পরবর্তী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. মাইনুল ইসলাম জানান, অবৈধ মাছ শিকার বন্ধে কোস্টগার্ডের একটি দল হ্রদ এলাকায় টহলে থাকবে। এ ছাড়া মাছ চোরাচালান বন্ধে বিদ্যমান ফাঁড়িগুলো ছাড়াও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাবার বাগান এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বড়ইছড়ি এলাকায় নতুন দুটি ফাঁড়ি বসানো হয়েছে।