কাপ্তাই হ্রদে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণেই এমনটি হচ্ছে।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক হাসান জামান খান বলেন, ‘আমাদের টহল দল কাপ্তাই হ্রদে নিয়মিত টহল দেয়। কিন্তু ৭০০ বর্গকিলোমিটারের বেশি এলাকার হ্রদের সব স্থানে টহল দেওয়ার মতো জনবল আমাদের নেই। সে কারণে কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।’ তিনি বলেন, কারেন্ট জালের ক্ষতিকর দিক তুলে ধরে জেলেদের সচেতন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।হাসান জামান খান বলেন, কাপ্তাই হ্রদসংলগ্ন কাপ্তাই, রাঙামাটি, লংগদু ও বাঘাইছড়ি এবং খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বিএফডিসির উপকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের কর্মীরা নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে তৎপর রয়েছেন। গত বছর শুধু রাঙামাটি শহরের আশপাশের স্থান থেকে ৩০০ পাউন্ডের বেশি কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। ১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাইয়ে বাঁধ নির্মাণ করা হয়। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৭০০ বর্গকিলোমিটারের বেশি এলাকায় কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। ১৯৬৪ সাল থেকে বিএফডিসিকে কাপ্তাই হ্রদের মৎস্য উৎপাদন, রক্ষণাবেক্ষণ, আহরণ ও বিপণনের দায়িত্ব দেওয়া হয়।বিএফডিসি সূত্রমতে, কাপ্তাই হ্রদে ভাসা, কেচকি, বেড় ও টেংরাজাল ব্যবহারের অনুমতি রয়েছে। হ্রদে দুই হাজারের বেশি নিবন্ধিত জেলে রয়েছেন। সূত্রমতে, নিবন্ধনবিহীন আরও অনেক জেলে হ্রদে মাছ শিকার করেন। রহিত জলদাস (৪৮) ও মো. নুরু (৩৬) নামের দুই জেলে বলেন, ‘আমরা কারেন্ট জাল ব্যবহার করি না। যেসব জেলের কোনো লাইসেন্স নেই, তাঁরাই কারেন্ট জাল ব্যবহার করেন।’ তাঁরা বলেন, কারেন্ট জালে পোনা মাছ ধরা বন্ধ করা গেলে হ্রদে মাছের পরিমাণ বাড়ত।রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করা হয়। এতে হ্রদে মৎস্য সম্পদের অনেক ক্ষতি হয়। তবে কী পরিমাণ কারেন্ট জাল ব্যবহার ও মাছের ক্ষতি হয় তার কোনো পরিসংখ্যান নেই বলে তিনি স্বীকার করেন।রাঙামাটি সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মনিরুল আলম বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।