কাপ্তাই হ্রদে জেলে পরিবারগুলোকে চাল দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের এক হাজার ৯৬০ জেলে পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল বিতরণ এবং হ্রদে ২২ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি কেন্দ্র কার্যালয় চত্বরে চাল বিতরণ ও পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক। এ সময় তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৬৭ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এ হ্রদে বর্তমানে মাছ উৎপাদন হচ্ছে বছরে নয় হাজার মেট্রিক টন। জেলে, প্রশাসন ও স্থানীয় লোকজনের সক্রিয় প্রচেষ্টা থাকলে মাছের উৎপাদন আরও বাড়ানো যাবে।’
রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, বিএফডিসির চেয়ারম্যান পিউস কস্তা, রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম।
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ইয়াহিয়া মাহমুদ বলেন, ‘১৯৮৬-৮৭ সাল থেকে কাপ্তাই হ্রদে গবেষণা চলছে। এটি একটি কৃত্রিম জলাশয়। এ জলাশয়টি মধ্যম পর্যায়ের মাছ উৎপাদন উপযোগী। সেই হিসেবে জলাশয়ে পূর্ণমাত্রায় মাছ উৎপাদন করা গেলে বছরে ৩১ হাজার মেট্রিক টন পর্যন্ত মাছ উৎপাদন সম্ভব।’
বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, বর্তমানে দেশে একক জলাশয়ে সর্বোচ্চ মাছ উৎপাদন হয় কাপ্তাই হ্রদে। হ্রদে প্রাকৃতিক প্রজননসুবিধা ও অবমুক্ত করা কার্পজাতীয় মাছের পোনা নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের জন্য মাছ শিকার, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়। ওই সময়ে প্রকৃত জেলে পরিবারগুলোর জন্য ২০১০ সাল থেকে সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এ বছর গত ৭ মে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। হ্রদে বর্তমানে প্রায় ২০ হাজার জেলে পরিবার রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠান শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যালয় কাম ল্যাবরেটরি ভবন উদ্বোধন করেন।