কাপ্তাই হ্রদে ট্রলার উল্টে পর্যটক দম্পতি নিখোঁজ
ঘূর্ণি বাতাসে ট্রলার উল্টে গতকাল বুধবার কাপ্তাই হ্রদে পর্যটক দম্পতি নিখোঁজ হয়েছেন। তাঁদের নাম লিজা ও আলমগীর। তাঁদের বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলায়।
এ ছাড়া ট্রলারচালক বিটন চাকমাকে (১৪) অজ্ঞান অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ওই দম্পতি বেলা তিনটার দিকে কাপ্তাই হ্রদে ঘুরতে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে ঝুলন্ত সেতুসংলগ্ন ঘাট থেকে একটি ট্রলার ভাড়া করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ ঘূর্ণি বাতাস শুরু হলে পর্যটন কমপ্লেক্সের পূর্ব দিকে কাপ্তাই হ্রদের মাঝখানে ট্রলারটির উল্টে যায়। এ সময় পর্যটন ঘাটের অন্য চালকেরা দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। এর পরপরই প্রশাসনের লোকজন ও দমকলের কর্মীরা স্পিডবোট ও ট্রলারে করে উদ্ধার অভিযানে নামেন। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের কাছে যে খবর আছে, তাতে দুজন নিখোঁজ হয়েছেন।’