কাপ্তাই হ্রদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষাসফরে এসে গত বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটার সময় ডুবে অভ্রজ্যোতি মজুমদার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অভ্রজ্যোতি চট্টগ্রামের ইংরেজি মাধ্যম বিদ্যালয় উইলিয়াম ক্যারি একাডেমির দশম শ্রেণীর ছাত্র ছিল।জানা গেছে, উইলিয়াম ক্যারি একাডেমির দশম শ্রেণীর ২১ জন শিক্ষার্থী শিক্ষাসফরে রাঙামাটি আসে। সঙ্গে ছিলেন তাদের তিন শিক্ষক। বিকেল সাড়ে চারটার দিকে অভ্রজ্যোতি মজুমদার ও তার কয়েকজন সহপাঠী রাঙামাটি পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুর পূর্ব পাশে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নামে। সহপাঠীরা সাঁতার শেষ করে ঘাটে এসে দেখে অভ্রজ্যোতি নেই। স্থানীয় ডুবুরি ও কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির ডুবুরিরা গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করেন।অভ্রজ্যোতির বাবা চট্টগ্রামের পাথরঘাটা এলাকার বাসিন্দা সুদ্বীপ কুমার মজুমদার চট্টগ্রামের শুল্ক ও আবগারি বিভাগের কর্মকর্তা। তাঁর এক মেয়ে ও এক ছেলের মধ্যে অভ্রজ্যোতি ছোট।