কাপ্তাই হ্রদে দোতলা বাড়ি হেলে পড়েছে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বাড়ি কাপ্তাই হ্রদের পানিতে হেলে পড়ে এখন পর্যন্ত এক কিশোরীসহ তিনজন মারা গেছেন। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি সরকারি মহিলা কলেজ সড়কে অবস্থিত ওই দোতলা বাড়িটি পানিতে হেলে পড়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার ব্রিগেড বাড়িটি থেকে এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করতে পেরেছে। রাঙামাটি ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন জাহিদ হোসেন (৪২), পিংকি (১৩) এবং উম্মে হাবিবা (২২)।
এ ছাড়া আরও দুই শিশু বাড়িটিতে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

হেলে যাওয়া ভবনের পাশের বাড়ির বাসিন্দা উত্তম কুমার দেব নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে সাড়ে পাঁচটার দিকে টিনের ছাদ দেওয়া বাড়িটিকে পানিতে হেলে পড়তে দেখা যায়। আড়াআড়িভাবে হেলে পড়া বাড়িটিতে পানি ঢুকে পড়ে। তিনি বলেন, ওই বাড়ির মালিকের নাম আবু তৈয়ব। বাড়ির মালিক সেখানে চারটি পরিবারকে ভাড়া দিয়েছেন। বাড়িটি হেলে যাওয়ার পর তাৎ​ক্ষণিকভাবে দু-তিনজন বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে বেশ কয়েকজন ভবনটিতে আটকে আছেন।
ফায়ার ব্রিগেড জানিয়েছে, ধারণা করা যাচ্ছে, ​ভেতরে দুজন ছেলে শিশু আটকে আছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত উম্মে হাবিবা একজন শিক্ষক। তিনি বাড়িতে শিশুদের পড়ান। আজ ঘটনার সময় তিন শিশু-কিশোরী পড়ছিল তাঁর কাছে। এর মধ্যে পিংকি নামের এক কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি এখনো।

জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। কাপ্তাই হ্রদের বাঁধে বর্ষার সময় পানি ধরে রাখা হয়। শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি ছেড়ে দেওয়া হয়। এ কারণে এখন হ্রদের পানি সর্বোচ্চ ১০৯ ফুট উচ্চতায় আছে। পানি বেড়ে যাওয়ায় হ্রদের পাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বাড়িটি হেলে পড়েছে।