কাপ্তাই হ্রদে নিখোঁজ দম্পতির লাশ
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ পর্যটক দম্পতির লাশ আজ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন আলাউদ্দিন পাটোয়ারী (৩৩) ও তাঁর স্ত্রী আইরিন সুলতানা (২৬)। তাঁদের বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলায়।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কাপ্তাই হ্রদে ঘূর্ণি বাতাসে ট্রলার উল্টে যায়। এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী কুমিল্লা বরুড়া উপজেলার আলাউদ্দিন পাটোয়ারী (৩২) ও তাঁর স্ত্রী আইরিন সুলতানা (২৬) পানিতে পড়ে নিখোঁজ হন। ট্রলারচালক বিটন চাকমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিরতিহীনভাবে উদ্ধার তত্পরতা চালান। আজ সকালে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাঙামাটির ডিসি বাংলোর পার্শ্ববর্তী এলাকায় কাপ্তাই হ্রদে আজ সকালে ওই দম্পতির লাশ ভেসে ওঠে। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
স্বজনেরা জানান, মাত্র নয় মাস আগে আলাউদ্দিন ও আইরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের পর আলাউদ্দিন যুক্তরাষ্ট্র চলে যান। আইরিনকে সঙ্গে নিতে কয়েক দিন আগে তিনি দেশে আসেন। আগামী ৪ এপ্রিল আলাউদ্দিন ও আইরিনের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। আলাউদ্দিন ছিলেন সাবেক বিডিআরের সদস্য। ডিভি লটারি পেয়ে প্রায় পাঁচ বছর আগে তিনি যুক্তরাষ্ট্র যান।