কাপ্তাই হ্রদে পানি বাড়ায় চার উপজেলা বন্যার ঝুঁকিতে
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে হ্রদের বাঁধ হুমকির মুখে। বাঁধ রক্ষায় কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্র (কপাবিক) কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার থেকে ১৬টি স্প্রিলওয়ে খুলে দিয়ে সেকেন্ডে ২০ হাজার কিউসেক পানি ছেড়ে হ্রদের পানি বিপৎসীমার নিচে রাখার চেষ্টা চালাচ্ছে। এতে কর্ণফুলী নদীতে পানি বেড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ওই চার উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে। এতে ১৩ হাজার হেক্টরেরও বেশি উঠতি আমন ধানের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।কপাবিক সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে পার্বত্য চট্টগ্রামে খুব বৃষ্টি হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বেড়ে গেছে। হ্রদের পানি বর্তমানে বিপৎসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পাউবোর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মোজাম্মেল হক জানান, কপাবিক কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনের নামে প্রতিবছর বর্ষায় ধারণক্ষমতার অতিরিক্ত পানি ধরে রাখতে গিয়ে বাঁধকে হুমকির মুখে ঠেলে দেয়। এ অবস্থায় ভারী বৃষ্টি হলে বাঁধ রক্ষায় ১৬টি স্প্রিলওয়ে খুলে দিয়ে সেকেন্ডে এক লাখ কিউসেক পর্যন্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়। এতে কর্ণফুলী নদীর দুই কূল ছাপিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে।মোজাম্মেল হক জানান, ২০০৪ সালে হ্রদের ছেড়ে দেওয়া পানিতে সৃষ্ট বন্যায় রাঙ্গুনিয়ায় প্রায় ৭০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। একই বছর ওই চার উপজেলায় বন্যায় প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।রাঙ্গুনিয়া পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, কাপ্তাই হ্রদের ছেড়ে দেওয়া পানির কারণে ১৯৮৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত চট্টগ্রামের ওই চার উপজেলা সাতবার বন্যাকবলিত হয়। এসব বন্যায় শুধু রাঙ্গুনিয়া উপজেলায় তিন হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, যা ওই সময়ে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের মূল্যের ১৫ গুণ বেশি।রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি জহুরুল আনোয়ার বলেন, কপাবিক কর্তৃপক্ষ বাঁধ রক্ষায় ১৬টি স্প্রিলওয়ে খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ২০ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে ছেড়ে দিয়ে বিপৎসীমার নয় সেন্টিমিটারে নামিয়ে আনার চেষ্টা করছে। আর এতেই কর্ণফুলী, ইছামতী, শিলক ও হালদা নদীর পানি স্বাভাবিকের চেয়ে আট ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এসব নদ-নদীর পানি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা, ঘাটচেক পৌর এলাকা, দাঙ্গার চর, ইছামতীর চর, বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী, রাউজানের কানকুরহাট, হাটহাজারী উপজেলার মদুনাঘাটসহ নদীর তীরবর্তী নিচু এলাকা ও ফসলি জমি ডুবে গেছে।জহুরুল আনোয়ার বলেন, গত এক সপ্তাহ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর যদি ভারী বৃষ্টি হয় এবং ভারত থেকে পাহাড়ি ঢল নেমে আসে, তাহলে বাঁধ রক্ষায় হ্রদের পানি অবশ্যই ছেড়ে দিতে হবে। এতে চট্টগ্রামের চার উপজেলা আবারও বন্যাকবলিত হয়ে পড়বে।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার আগে কপাবিক কর্তৃপক্ষ হ্রদের অতিরিক্ত পানি পরিকল্পিত উপায়ে কর্ণফুলী নদীতে ছেড়ে দিলে বন্যার কবল থেকে রক্ষা পেতে পারে চট্টগ্রামের চার উপজেলা। এ ব্যাপারে কপাবিক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হবে।কপাবিকের ব্যবস্থাপক ফেরদৌস আলী বলেন, পানি শুকিয়ে যাওয়ার কথা চিন্তা করে শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের স্বার্থে হ্রদে ধারণক্ষমতার অতিরিক্ত পানি ধরে রাখা হচ্ছে। তবে পানি বাড়লে ছাড়তে হবে এটাও সত্য। ভাটি এলাকার চারটি উপজেলা যাতে বন্যাকবলিত না হয়, সেদিকেও নজর রয়েছে।