কাপ্তাই হ্রদে ভয়ংকর বিদেশি মাছ
পিরানহার চেয়েও ভয়ংকর রাক্ষুসে মাছের সন্ধান পাওয়া গেছে কাপ্তাই হ্রদে। এ মাছের সংখ্যা বেড়ে গেলে হ্রদে বিপর্যয় ঘটতে পারে।গতকাল রোববার রাঙামাটি সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ভয়ংকর এ মাছটির নাম ‘সাকার মাউথ ক্যাট ফিশ’। মাছটির আদি আবাসস্থল দক্ষিণ আমেরিকার। নব্বইয়ের দশকের শেষ দিকে মাছটি হংকং ও সিঙ্গাপুর থেকে অ্যাকুরিয়ামে রাখার জন্য অর্নামেন্টাল ফিশ হিসেবে ব্যক্তিপর্যায়ে আমদানি করা হয়। পরে তা দেশের নদী-নালা, খাল-বিলে ছড়িয়ে পড়ে। দেখা গেছে, সাকার মাউথ ক্যাট ফিশটি লম্বায় প্রায় ১০ ইঞ্চি, ওজন ২৫০ গ্রাম। শরীর ডোরা কাটা, আঁইশ খুবই ধারালো, পাখার কাঁটা খুবই তীক্ষ। মুখ মাথার নিচের দিকে, মুখে দাঁত স্পষ্ট দেখা যায়। মাছটি বর্তমানে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে একটি অ্যাকুরিয়ামে রাখা হয়েছে। রাঙামাটির শহরতলি রাঙাপানির আদিবাসী জেলে বসন্ত চাকমা (৩৫) জানান, মঙ্গলবার সকালে গ্রামের পাশে কাপ্তাই হ্রদের হাদাংচি বিল এলাকায় মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি খুবই নিরীহ। ডাঙায় তোলার পরও তেমন নড়াচড়া করেনি। পরে জেলা মৎস্য বিভাগে খবর দেওয়া হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এসে নিয়ে যান। সেখানে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে মাছটির পরিচয় এবং এ দেশে মাছটি আসার বিষয়ে নিশ্চিত হন।