কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ
গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, শুকানো ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। হ্রদে মাছের সুস্থ প্রজনন ও হ্রদের ভারসাম্য রক্ষায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আহরিত মাছ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন শেষ করতে হবে। তবে শুঁটকি পরবর্তী তিন দিন অর্থাৎ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন করা যাবে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, কাপ্তাই হ্রদে ১৯ হাজারের বেশি তালিকাভুক্ত জেলে আছেন। মাছ আহরণ নিষিদ্ধ থাকার সময় প্রতিজনকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার প্রস্তাব ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে তিন মাসের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
জেলা প্রশাসকের আদেশে বলা হয়, মাছ আহরণ নিষিদ্ধকালীন জেলা সীমানার মধ্যে বরফকল এবং হ্রদের নির্ধারিত মাছের অভয়াশ্রমসমূহে মাছ আহরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নিতে মৎস্য উন্নয়ন করপোরেশন এবং কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, অবৈধ মাছ শিকার বন্ধে নৌপুলিশের একটি দল হ্রদ এলাকায় টহল দেবে।
১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পানি বিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের কারণে ৭০০ বর্গকিলোমিটারের বেশি এলাকায় কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। হ্রদ সৃষ্টির পর ১৯৬৪ সালে মাছের উৎপাদন বাড়াতে মৎস্য উন্নয়ন করপোরেশনকে হ্রদে মাছের উৎপাদন ও সংরক্ষণের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়।