কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের নিরাপদ প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে আজ বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহম্মেদের স্বাক্ষরিত এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আদেশে বলা হয়, আজ মধ্যরাত পর্যন্ত আহরিত মাছ পরবর্তী ১৪ ঘণ্টার মধ্যে পরিবহন শেষ করতে হবে। তবে শুধু শুঁটকি মাছ পরবর্তী তিন দিন অর্থাৎ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন করা যাবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্র জানায়, কমপক্ষে ছয়টি বড় নদীর সমন্বয়ে কাপ্তাই হ্রদ। প্রতিবছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের উজানে বিভিন্ন স্থানে নদীর স্রোতে মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। এ সময় মা–মাছগুলো দুর্বল হয়ে পড়ে। সে সময় অসাধু মাছ শিকারিরা সহজে মাছ শিকার করতে পারে। এসব অসাধু ব্যক্তিদের তৎপরতা বন্ধে হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে৷
বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, অসাধু ব্যক্তিরা কিঞ্চিৎ লাভের আশায় প্রতিবছর প্রজনন মৌসুমে অবৈধভাবে মা ও পোনা মাছ আহরণ, বাজারজাতকরণ ও পাচার করে থাকে। যার ক্ষতিকর প্রভাব পড়ে কাপ্তাই হ্রদের মাছ উৎপাদনের ওপর।
বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে বর্ষার সময় সাধারণত তিন মাস মাছ শিকার বন্ধ থাকে। এ সময় প্রাকৃতিক প্রজনন ছাড়াও হ্রদে মাছের উৎপাদন বাড়াতে ৩০ থেকে ৩৫ মণ কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।