কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। গত বুধবার জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উত্পাদন বাড়াতে প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই আদেশ অনুযায়ী, সর্বশেষ আহরিত মাছের শুঁটকি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙামাটির বাইরে নেওয়া যাবে। জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাইয়ে বাঁধ নির্মাণ করা হলে প্রায় ৭০০ বর্গ কিলোমিটার এলাকায় কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। পরে হ্রদে বিভিন্ন প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ঘটতে থাকে। এ অবস্থায় ১৯৬৪ সাল থেকে হ্রদের মাছ আহরণ, উত্পাদন ও বিপণনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি)। বিএফডিসি প্রাকৃতিক প্রজননের পাশাপাশি প্রতিবছর এ মৌসুমে হ্রদে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে। বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের উপব্যবস্থাপক মাসুদুল হক জানান, স্থানীয় চাহিদা ছাড়াও কাপ্তাই হ্রদ থেকে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ রাঙামাটি জেলার বাইরে সরবরাহ করা হয়। রাঙামাটি মত্স্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া জানান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০ হাজার মত্স্যজীবী কাপ্তাই হ্রদে মাছ শিকার করেন। মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকার সময়ে এসব পরিবারের চরম আর্থিক সংকটে থাকতে হয়। সে কারণে অনেক মত্স্যজীবী নিষেধাজ্ঞা অমান্য করে ওই সময়ে অবৈধভাবে মাছ শিকারে জড়িয়ে পড়েন। এতে মাছের প্রাকৃতিক প্রজননে ব্যাঘাত সৃষ্টি হয়। রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মত্স্যজীবী পরিবারগুলোর আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে এবং মাছের প্রাকৃতিক প্রজনন নিরাপদ রাখতে রাঙামাটি জেলার ১০ হাজার ১৫৭টি প্রকৃত মত্স্যজীবী পরিবারকে আপত্কালীন চাল বিতরণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। গত বছর মত্স্যজীবী পরিবারগুলোকে চাল বিতরণের কারণে অবৈধভাবে মাছ শিকারের প্রবণতা ছিল না বলে তিনি জানান।