কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি
আজ বুধবার রাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা জানানো হয়েছে।
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে সর্বশেষ আহরিত মাছ আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এবং শুঁটকি জাতীয় মাছ সোমবার পর্যন্ত রাঙামাটির বাইরে নেওয়া যাবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, সংস্থাটি ১৯৬৪ সাল থেকে হ্রদের মাছ আহরণ, উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে। বিএফডিসি প্রাকৃতিক মাছের প্রজননের পাশাপাশি প্রতিবছর হ্রদে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে।
বিএফডিসির রাঙামাটি প্রকল্প ব্যবস্থাপক হাসান জামান খান বলেন, মাছ শিকার বন্ধ ও শুরু করার সময়টি নির্ধারণ করে জেলা প্রশাসন। তবে মাছ আহরণ ও বিপণনের দায়িত্ব বিএফডিসির। তিনি জানান, চলতি বছর হ্রদ থেকে মাছ আহরিত হয়েছে আট হাজার ৬৪৪ দশমিক ২২ মেট্রিক টন। আরও কয়েক হাজার মেট্রিক টন মাছ স্থানীয় চাহিদা পূরণ করে।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘মাছের প্রাকৃতিক প্রজননের সময় জেলেরা যেন মাছ শিকার বন্ধ রাখেন, তার জন্য জেলে, মৎস্যশ্রমিক ও মৌসুমি মাছ শিকারিদের ১৯ হাজার ৫০০-এর অধিক পরিবারের জন্য চাল বরাদ্দ চেয়েছি। কয়েক দিনের মধ্যে বরাদ্দপত্র আসবে।’