কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিশেষ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক প্রজনন মৌসুমে মাছ শিকারের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে স্থানীয় প্রশাসন। এর আওতায় ১০ হাজার ১৫৭ জন দুস্থ মৎস্যজীবীকে দুই মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও বিপণনের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে মাছের প্রাকৃতিক প্রজনন নিরাপদ করতে প্রতিবছর বর্ষা মৌসুমের মে থেকে জুন মাস পর্যন্ত হ্রদ থেকে সব ধরনের মাছ আহরণ, বিপণন ও পরিবহন বন্ধ রাখা হয়। কিন্তু ওই সময়ে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান না থাকায় এবং অভাবের কারণে অনেকে গোপনে মাছ শিকারে জড়িয়ে পড়েন। ফলে হ্রদে মাছ উৎপাদন কমে যায়।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, গত বছর মৎস্যজীবী পরিবারগুলোকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিমাণে সাহায্য দেওয়া হয়। তখন প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে যায়। ফলে এ বছর কাপ্তাই হ্রদে মাছ আহরণের পরিমাণ বেড়েছে। সে হিসেবে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে। সে অভিজ্ঞতা থেকে এ বছর মাছ আহরণ বন্ধের তিন মাস প্রকৃত মৎস্যজীবী পরিবারগুলোকে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।জেলা প্রশাসক জানান, প্রজনন মৌসুমের তিন মাসের মধ্যে দুই মাসের বিশেষ বরাদ্দপত্র গত বৃহস্পতিবার পাওয়া গেছে। এর আওতায় ১০ হাজার ১৫৭ জন স্থানীয় দুস্থ মৎস্যজীবী পরিবারকে প্রতিমাসে ২০ কেজি করে দুই মাসে মোট ৪০৬ মেট্রিক টন ২৮০ কেজি চাল দেওয়া হবে।