কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণে হারভেস্টার কেনা হচ্ছে
কাপ্তাই হ্রদে জমে থাকা ক্ষতিকর কচুরিপানা অপসারণ করতে উন্নতমানের হারভেস্টার মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এ কথা জানিয়েছেন। জেলা প্রশাসক ৫ অক্টোবর কাপ্তাই সফরে এসে প্রথম আলোকে এই তথ্য জানান। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সাহা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রথম আলোয় গত ২৮ সেপ্টেম্বর ‘কাপ্তাই হ্রদে কচুরিপানা পাঁচ উপজেলায় নৌ চলাচলে দুর্ভোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, সংবাদটি তাঁদের চোখে পড়েছে। কাপ্তাই হ্রদের ৩০০ বর্গমাইল এলাকার মধ্যে প্রায় আড়াই শ বর্গমাইলজুড়ে বর্তমানে কচুরিপানা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ওই কচুরিপানার কারণে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বীকার করে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, একটি উন্নতমানের হারভেস্টার কেনার প্রক্রিয়া আগে থেকেই চলছিল। ওই যন্ত্র জাহাজের মতো হ্রদজুড়ে ভেসে বেড়াবে এবং যান্ত্রিক উপায়ে কচুরিপানা নিধন করবে।নিধন করা কচুরিপানা দিয়ে জৈব সার তৈরি করা হবে। ওই সার শস্য উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে বিশেষ উপকারে আসবে বলেও তিনি জানান। যন্ত্রটির মূল্য সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ৫০ লাখ থেকে কোটি টাকার ওপরে হারভেস্টার মেশিন রয়েছে। এ ব্যাপারে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।এর আগে কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন কচুরিপানার কারণে কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজ এবং চিকিৎসাসেবা পর্যন্ত নিতে পারছে না। তিনি বলেন, প্রথম আলোয় কচুরিপানার খবর প্রকাশিত হওয়ার পর সব মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এবার এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।