কাপ্তাই হ্রদের বুকে স্বেচ্ছাশ্রমের সেতু

কেউ বাঁশ ও গাছ কাঁধে নিয়ে আসছেন। কেউ দড়ি দিয়ে একটি বাঁশের সঙ্গে আরেকটি বাঁশ বা গাছ বেঁধে দিচ্ছেন। আর কেউ পানিতে নেমে খুঁটি গাড়ছেন। দেখতে দেখতে তৈরি হয়ে গেল বাঁশ-গাছের খুঁটির ওপর কাঠের পাটাতন বিছানো ৪ ফুট চওড়া ও ৩২০ ফুট দীর্ঘ সেতু। রাঙামাটির শহরের ভেদভেদী আনসার ক্যাম্প ও উলুছড়ার মাঝামাঝি কাপ্তাই হ্রদের বুকে সেতুটির অবস্থান। দেড় শ গ্রামবাসী টানা তিন দিন স্বেচ্ছাশ্রমে কাজ করে গতকাল শনিবার এই সেতু তৈরি করেছেন।
কাপ্তাই হ্রদের সরু একটি শাখার এক পাড়ে রাঙামাটি শহরের ভেদভেদী আনসার ক্যাম্প অন্য পাড়ে উলুছড়া, আলুটিলা, বিদ্যানগর, নতুনপাড়া ও কাটাছড়ি এই পাঁচটি গ্রাম। হ্রদের সরু অংশটি এই পাঁচ গ্রামের মানুষকে শহর থেকে একরকম বিচ্ছিন্ন করে রেখেছে। যাতায়াতের একমাত্র মাধ্যম সেতু আর নৌকা। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের জন্য জেলা পরিষদ ২০১৫ সালে চার লাখ টাকা ব্যয়ে হ্রদের এই অংশের ওপর একটি কাঠ ও বাঁশের সেতু নির্মাণ করে। গত ১৩ জুনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সেতুটির ৮০ শতাংশই ধসে যায়। গত দুই মাস একটি ছোট নৌকায় পাঁচ গ্রামের লোকজন হ্রদ পারাপার করেছেন। তবে নৌকাটি সম্প্রতি ভেঙে যাওয়ায় তাঁরা নিজেরাই সেতু নির্মাণের উদ্যোগ নেন।
উলুছড়া গ্রামের প্রধান (কার্বারি) রবি ধন চাকমা প্রথম আলোকে বলেন, সেতুটি বিধ্বস্ত হওয়ার পর রাঙামাটি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য আবেদন করা হয়। আশ্বাস মিললেও গত দুই মাসে কোনো উদ্যোগ নেয়নি কেউ। এরপর উলুছড়া-আলুটিলা উপগুপ্ত বনবিহারের অধ্যক্ষ করুণা প্রিয় ভিক্ষুর সহায়তায় বাঁশের সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গত বৃহস্পতি, শুক্রবার ও গতকাল শনিবার এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে সেতু সংস্কারের কাজ করেছেন।
স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা উলুছড়া গ্রামের বিষু কুমার চাকমা ও আলুটিলা গ্রামের সুবর্ণ চাকমা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি সহায়তার আশা ছেড়ে দিয়ে পুরো গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ মানুষ কাজ করতে আসছেন।’
রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ভেদভেদী আনসার ক্যাম্পে হ্রদের মাঝখানে বাঁশের সেতুটি বিধ্বস্ত হয়ে গেছে। সেতুটি নতুন করে নির্মাণের জন্য পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।