কাপ্তাই হ্রদের মাছের শুল্কহার বৃদ্ধি জেলে, ব্যবসায়ী এবং শ্রমিকদের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহরিত মাছের শুল্কহার বাড়ানোর প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ আহরণ ও পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি অবতরণ কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন কাপ্তাই হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও জেলেরা। প্রশাসন এ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছে।অন্যদিকে সাত দিনের মধ্যে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও মৎস্যজীবী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুল্কহার নির্ধারণ অথবা পূর্বের শুল্কহার বহাল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএফডিসির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার জহিরুল আলিমকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। কাপ্তাই হ্রদ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহ আলম এই উকিল নোটিশ পাঠান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা না করে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির কাঁচা ও শুকনো মাছের শুল্কহার কেজি প্রতি ৪০ থেকে ৫০ ভাগ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে মৎস্য শিকারি জেলে ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। আরও অভিযোগ করা হয়, দেশে জরুরি অবস্থা চলাকালে (২০০৮ সাল) তাঁদের ওপর চাপিয়ে দেওয়া একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএফডিসি একতরফাভাবে এই অগ্রহণযোগ্য শুল্কহার বাড়িয়েছে।এক প্রশ্নের জবাবে ব্যবসায়ী ও জেলেরা জানান, কাপ্তাই হ্রদে আহরিত মাছ রাঙামাটি, কাপ্তাই ও মহালছড়ি কেন্দ্রে অবতরণ করানো হয়। এই তিনটি কেন্দ্রের মাধ্যমে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ মেট্রিক টন মাছ পার্বত্য চট্টগ্রামের বাইরে পাঠানো হয়। হ্রদের মাছ আহরণ, বিপণন ও পরিবহনের সঙ্গে ৮০ হাজারের বেশি মানুষ জড়িত।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই হ্রদ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হারুনুর রশীদ। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সাবেক সভাপতি হাজি মো. শওকত, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, কাপ্তাই হ্রদ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী ও শ্রমিক প্রতিনিধিরা।এদিকে রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্বীকার করেন, শুল্কহার বাড়ানোর ব্যাপারে শুধু ব্যবসায়ী ও মৎস্যজীবী নয়, প্রশাসনের সঙ্গেও বিএফডিসি আলোচনা করেনি। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদসচিবকে জানানো হয়েছে।বিএডিসি রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার জহিরুল আলিম জানান, বিএফডিসির সঙ্গে ব্যবসায়ীদের আগের চুক্তি অনুযায়ী আহরিত মাছের শুল্কহার বাড়ানো হয়েছে। তবে জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা যদি এ সিদ্ধান্ত না মানেন, তাহলে আলোচনা সাপেক্ষে নতুন সিদ্ধান্তের উদ্যোগ নেওয়া হবে।