কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৩৪টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে নতুন বাজার এলাকার কেপিএম টিলায় আগুনে ৩৪টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১ হাজার টাকা, ১০ কেজি চাল ও একটি কম্বল দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কাপ্তাই সদরের নতুন বাজার এলাকায় কেপিএম টিলায় মো. সাবের আলমের রান্নাঘরে আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। এরই মধ্যে ৩৪টি বসতঘর পুড়ে যায়।