কাপ্তাইয়ে ট্রাক উল্টে নিহত এক, বিজিবি ক্যাম্পে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় স্থানীয় লোকজন বিজিবির একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, কাঠবোঝাই একটি ট্রাক বান্দরবান থেকে কাপ্তাই আসার সময় চন্দ্রঘোনার ধনছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকটি সংকেত উপেক্ষা করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলে কারিকরপাড়ার কাছাকাছি এসে ট্রাকটি উল্টে যায়। সেখানে ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তি মারা যান।
জানতে চাইলে বিজিবির দক্ষিণ–পূর্ব রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজিবি সদস্যরা ধাওয়া দিলে ট্রাকটি উল্টে গিয়ে চালক মারা যান। পরে স্থানীয় লোকজন বিজিবির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁরা ধনছড়ি ক্যাম্পে গিয়ে আক্রমণের চেষ্টা করলে ক্যাম্প অধিনায়ক নিজে চারটি ফাঁকা গুলি ছোড়েন। এর পরপর স্থানীয় কিছু দুষ্ট লোক নিহত ব্যক্তি বিজিবির গুলিতে মারা গেছেন বলে অপপ্রচার চালান। এতে লোকজন ভুল বুঝে বিজিবি ক্যাম্পে আক্রমণ করেন। তাঁরা ক্যাম্প ও আশপাশের কয়েকটি বাড়ি পুড়িয়ে দেন।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়েছি আমরা। পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।’