কাপ্তাইয়ে দেড় মণ ওজনের অজগর আটক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় দেড় মণ ওজনের একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটি প্রায় ১৮ ফুট লম্বা। মিতিঙ্গাছড়ি এলাকার অটোরিকশাচালক মো. জসিম উদ্দিন সাপটি আটক করেন। জসিম জানান, গত রোববার রাত প্রায় দুইটার সময় তিনি অটোরিকশা চালিয়ে আসার সময় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের মিতিঙ্গাছড়িতে সাপটিকে শুয়ে থাকতে দেখেন। গভীর রাতে বিশাল সাপ দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সাপটিকে ধরে বস্তায় পুরে রাখে। সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমান ও সহকারী বন সংরক্ষক মো. সাজ্জাদ হোসেন সাপ দেখতে আসেন। পরে সাপটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয় এবং সাপটিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় রামপাহাড়ে অবমুক্ত করা হয় বলে বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান। স্থানীয় আবিউর রহমান ও মো. সিরাজ মিয়া জানান, কয়েক দিন ধরে তাঁদের হাঁস-মুরগি হারানো যাচ্ছিল। এখন তাঁরা বুঝতে পারছেন, ওই অজগরই তাঁদের হাঁস-মুরগি খেয়ে সাবাড় করেছে।