কাপ্তাইয়ে দেয়ালচাপায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে দেয়ালচাপায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া গ্রামে মাটির তৈরি একটি পুরোনো বৌদ্ধবিহার ভাঙার সময় হতাহতের এ ঘটনা ঘটে।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়া মং মারমা বলেন, উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া গ্রামের ৫০ থেকে ৬০ জন লোক গতকাল ভোরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুরোনো একটি বৌদ্ধবিহার (মাটির তৈরি) ভাঙার কাজ করছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মাটির ঘরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ছাইচুই মং মারমা (৬০) ও মর্ক্য চিং মারমা (৩২) দেয়াল চাপা পড়েন। এ সময় অন্যরা দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু মাটির খণ্ডটি (দেয়াল) অনেক বড় ছিল। যে কারণে তাঁদের বের করে আনতে সময় লাগে। ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।

বিহার ভাঙার কাজে যুক্ত থাকা অংশী মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এক পাশে মাটির দেয়াল ভাঙার কাজ করছি। অন্য পাশেও লোক কাজ করছে। হঠাৎ এক পাশের দেয়ালটি ধসে পড়ে। যেদিকে ধসে পড়ছে, সেখানে ১০ জন কাজ করছিল। অন্যরা সরে যেতে পারলেও দুজন যেতে পারেনি।’

এ বিষয়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক (এসআই) ভজন কুমার দাশ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেয়াল চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এসআই ব​েলন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ওই ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।