রাঙামাটির কাপ্তাইয়ে পুলিশি হেফাজতে গতকাল বুধবার সকালে দুর্গাচরণ তঞ্চঙ্গ্যা (২৮) নামের এক যুবক মারা গেছেন। দুর্গাচরণ আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাঁকে মেরে ফেলা হয়েছে। দুর্গাচরণ তঞ্চঙ্গ্যার ছোট ভাই রবীন তঞ্চঙ্গ্যা (১৯) ও মামাতো ভাই সুনীল তঞ্চঙ্গ্যা দাবি করেন, গত সোমবার নুনছড়ি খামারবাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুর্গাচরণের স্ত্রী নানু চিং মারমা (২৬) মারা যান। কিন্তু শ্বশুরপক্ষ দুর্গাচরণের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর পুড়ে ফেলার অভিযোগে মামলা করে। গত মঙ্গলবার কাপ্তাই থানা-পুলিশ গ্রামে গিয়ে দুর্গাচরণকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে পুলিশ খবর দেয়, দুর্গাচরণ আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাচরণ তঞ্চঙ্গ্যা রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়পাগলী নিচপাড়ার দেবেন্দ্র তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নুনছড়ি মোনের (পাহাড়) খামারে বসবাস করতেন। সেখানেই তাঁর স্ত্রী নানু চিং মারমা সোমবার দুপুরে মারা যান। রবীন তঞ্চঙ্গ্যার দাবি, দুর্গাচরণ আত্মহত্যা করেননি। তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে। তাঁকে শ্বশুরপক্ষের প্ররোচনায় পুলিশ মেরে ফেলেছে। তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে দুর্গাচরণের স্ত্রী মারা যাওয়ার পরপরই শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু শ্বশুরপক্ষের কেউ না আসায় তাঁদের অনুপস্থিতিতে একই দিন রাত সাড়ে নয়টায় মৃতদেহ দাহ করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, দুর্গাচরণ গতকাল সকালে নাশতা করার পর থানা হেফাজতে গোসলখানায় গিয়ে ভেন্টিলেটরের লোহার রডের সঙ্গে নিজের লুঙ্গি পেঁচিয়ে ঝুলে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।