পুলিশের সঙ্গে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীদের সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বাদী হয়ে মামলা করেছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিকী অধ্যক্ষ মো. মোছাদ্দেকুল বারির মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি বলে ওসি জানান। পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্র নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করা প্রসঙ্গে অধ্যক্ষ মোছাদ্দেকুল বারি বলেন, তদন্ত কমিটি যাচাই-বাছাই করে প্রকৃত আসামি খুঁজে বের করার পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হবে। তিনি বলেন, কিছু শিক্ষার্থী বিএসপিআইয়ের শিক্ষা-কার্যক্রম দ্রুত চালু ও ছাত্রাবাস খুলে দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে। এ ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।