কাপ্তাইয়ে ব্যবসায়ী নিখোঁজ, উদ্ধারের দাবিতে মানববন্ধন
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজারের মুঠোফোন ব্যবসায়ী জাহিদুর রহমান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে।কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে গতকাল সকাল ১০টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ঘটনায় গত সোমবার জাহিদুরের বাবা খলিলুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।খলিলুর রহমান বলেন, জাহিদুর ১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত তাঁর প্রতিষ্ঠান ‘ফাহাদ টেলিকমে’ ছিলেন। এর পর থেকে তাঁর কোনো খবর পাওয়া যাচ্ছে না। স্ত্রী লাইজু আক্তার বলেন, জাহিদুরের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহিদুরকে উদ্ধারে সব রকম চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি কাপ্তাইয়ে অবস্থিত ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়ন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন বলেও তিনি জানান।