কাপ্তাইয়ে মৃত বন্য হাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে গতকাল বুধবার একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটি একটি উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের কলমিছড়া বন বিট এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং কাপ্তাই জেটিঘাট এলাকা থেকে নৌপথে তিন কিলোমিটার দূরে কলমিছড়া বন বিট এলাকা। গতকাল সকাল নয়টার দিকে কলমিছড়া বিজিবি ক্যাম্পের সামান্য দূরে মৃত অবস্থায় স্থানীয় লোকজন হাতিটি দেখতে পান। পরে বন বিভাগের লোকজন এসে মৃত হাতিটি উদ্ধার করেন।
বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা দেব মুখার্জী বলেন, হাতিটি ৪০০ ফুট উঁচু স্থান থেকে দুই পাহাড়ের মাঝখানে পড়ে গিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পশুচিকিৎসক এসে হাতিটির ময়নাতদন্ত করবেন। তখন বিস্তারিত জানা যাবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, শিকারির হামলায় হাতিটি মারা যায়নি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত দেড় বছরে দক্ষিণ বন বিভাগের পাশাপাশি তিনটি রেঞ্জে চারটি হাতি মারা গেছে। গত বছরের ২ জুলাই রাঙামাটি সদর রেঞ্জের জীবতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতি মারা যায়।
তার আগে ২০১৪ সালের ২২ অক্টোবর কাপ্তাই রেঞ্জের হরিণছড়া বন বিট এলাকার কাপ্তাই হ্রদ থেকে ডুবন্ত অবস্থায় একটি আহত হাতি উদ্ধার করা হয়। ১১ দিন চিকিৎসার পর ২ নভেম্বর হাতিটি মারা যায়।
দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. সালাউদ্দিন আহমেদ দেড় বছরে চারটি হাতি মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন।