কাপ্তাইয়ে রেশম গবেষণা কেন্দ্রের শ্রমিকদের বিক্ষোভ মিছিল
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের শ্রমিক-কর্মচারী এবং রেশম চাষি গবেষণা কেন্দ্রকে বাংলাদেশ রেশম বোর্ডের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে রেশম গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে কাপ্তাই উপজেলা সদরে যান। এ সময় তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন। মিছিল শেষে শ্রমিকেরা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুনের কাছে স্মারকলিপি দেন। রেশম গবেষণা কেন্দ্রের শ্রমিক সেলিম রানা, রুমা আক্তার ও অনুচিং মারমাসহ কয়েকজন জানান, তাঁরা ২২ বছর ধরে রেশম গবেষণা কেন্দ্রে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। এই সময়ের মধ্যে রেশম বোর্ডের অধীনেও কাজ করেছেন। রেশম বোর্ডের সঙ্গে থাকা অবস্থায় তাঁরা ঠিকমতো মজুরি পাননি। তাঁরা দাবি করেন, ২০০৩ সালে রেশম বোর্ড থেকে পৃথক করে রেশম গবেষণা কেন্দ্র করার পর প্রতিষ্ঠানের উন্নতি হয়। রেশম উৎপাদন বৃদ্ধি পায়। তাঁরা বেতন-ভাতাও নিয়মিত পাচ্ছেন। শ্রমিকেরা অভিযোগ করেন, একটি মহল চক্রান্ত করে গবেষণা কেন্দ্রকে পুনরায় রেশম বোর্ডের সঙ্গে একীভূত করার অপচেষ্টা চালাচ্ছে। একীভূত হলে তাঁরা চাকরি হারানোর আশঙ্কা করছেন।