কাপ্তাইয়ে লোকালয়ে ছুটে আসছে হাতি
হাতি বনে-জঙ্গলে বিচরণ করার কথা থাকলেও বন ছেড়ে রাঙামাটির কাপ্তাইয়ের লোকালয়ে ছুটে আসছে। গত শনিবার সন্ধ্যায় এক পাল বন্য হাতি কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র এলাকার লোকালয়ে চলে আসে। এ সময় হাতি দেখে ভয়ে দৌড়াতে গিয়ে দুজন পর্যটক আহত হন বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সাজ্জাদ হোসেন লোকালয়ে হাতি চলে আসার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে জানান, মূলত বনে প্রয়োজনীয় খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে।কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ জানান, হাতি পানিবিদ্যুৎকেন্দ্র এলাকার হেলিপ্যাড, ব্রিকফিল্ড, বাম তীরসহ বিভিন্ন এলাকায় এসে অবস্থান নেয়। কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ব্যারাকের কাছেও একাধিকবার হাতি চলে এসেছে। মশাল জ্বালিয়ে ও বিকট শব্দ করেও অনেক সময় লোকালয় থেকে হাতি তাড়ানো যায় না।স্থানীয় পশু চিকিৎসক আবুল বশর জানান, শনিবার সন্ধ্যায় হাতি কাপ্তাইয়ের লোকালয়ে আসে। হাতির ভয়ে দৌড়াতে গিয়ে দুজন পর্যটক আহত হন। দমকল বাহিনীর সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাপ্তাইয়ে অবস্থিত সিএমএইচে ভর্তি করেন। বনের হাতি যাতে লোকালয়ে না আসে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগের প্রতি স্থানীয় জনগণ অনুরোধ জানান।