কাপ্তাইয়ে ৫০০ আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাঁচ শতাধিক আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। একটি চা-বাগানের কর্তৃপক্ষ ‘মিথ্যা’ মামলা দিয়ে তাদের হয়রানি এবং আদিবাসীদের ভোগদখলীয় জমিতে প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করিয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীরা জানান, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ১০০ নম্বর মৌজার নোয়াপাড়া, নুনছড়ি মারমাপাড়া, দোলোন্যা ও বড়ইছড়ি মারমাপাড়া শতাধিক বছরের পুরোনো। এ এলাকায় পাঁচ শতাধিক আদিবাসী পরিবার যুগ যুগ ধরে পাহাড়ে জুমচাষ এবং আদা-হলুদ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের পূর্বপুরুষেরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় এবং সচেতনতার অভাবে জমির বন্দোবস্তি না নিয়ে প্রথাগত অধিকারের ভিত্তিতে বসবাস ও চাষবাস করে আসছিলেন। ১৯৮০-৮১ সালের পর থেকে তাদের জমির মালিকানা দাবি করে ওয়াগ্গাছড়া চা-বাগান লিমিটেড কর্তৃপক্ষ।এলাকাবাসীর দাবি, চা-বাগান কর্তৃপক্ষ যে জমির মালিকানা দাবি করে আসছে, সেই জমি চা-বাগানের নয়। তাঁদের মতে, কাপ্তাই উপজেলা সদর এলাকাসহ বিভিন্ন স্থানে হাতছাড়া হওয়া জমির হোল্ডিং নম্বর ব্যবহার করে আদিবাসী-অধ্যুষিত গ্রাম ও চাষবাসের জমির মালিকানা দাবি করছে চা-বাগান কর্তৃপক্ষ। এ নিয়ে আদিবাসীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, ১৭ এপ্রিল ওয়াগ্গাছড়া চা-বাগান লিমিটেডের কর্মচারী সহদেব সাহা নোয়াপাড়া গ্রামের প্রধান (কার্বারি) সাজাই মারমা (৫৬), মেদুক মারমা (৫৫), মংথোয়াই চিং মারমা (৩২), অং থোয়াইচিং মারমা (২৭) ও সুইচা প্রু মারমার (৩০) বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে চা-বাগানে অনুপ্রবেশ করে আগুন লাগানোসহ ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।যোগাযোগ করা হলে ওয়াগ্গাছড়া চা-বাগান লিমিটেডের পরিচালক মো. খোরশেদুল আলম কাদেরী দাবি করেন, জমির কোনো কাগজপত্র আদিবাসীদের নেই। তাঁরা যেসব জায়গায় বসবাস ও চাষাবাদ করছেন, সেগুলো চা-বাগানের নামে রেকর্ডভুক্ত। গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে চা-বাগান কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি বাগানের ৮০০ চারা তাঁরা নষ্ট করেছেন। এ কারণেই মামলা করা হয়েছে।তবে মামলার বিবাদীদের দাবি, মামলায় তাঁদের বিরুদ্ধে চা-বাগান নষ্ট করার অভিযোগ করা হলেও সে জায়গায় একটিও চা-গাছের চারা ছিল না। মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। বিবাদীরা গত সোমবার রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।গ্রামপ্রধান সাজাই মারমা বলেন, গত বছরের মে মাসে চা-বাগান কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ২৫০ একর জায়গা বিরোধপূর্ণ দেখিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। সে সময় প্রশাসন সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করায় তাঁরা চাষাবাদ করতে পারছেন না। এ ব্যাপারে প্রশাসনের কাছে সঞ্চারকলিপি দেওয়াসহ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা প্রতিকার পাননি।রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুল আলম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে মামলা চলছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।