কাপ্তাইয়ের টিলা থেকে দুটি মরা হাতি উদ্ধার
রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে কাপ্তাই সেনানিবাসসংলগ্ন একটি টিলা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে বন্য হাতির মৃত দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে হাতি দুটি মারা গেছে বলে ধারণা করছেন বন কর্মকর্তা ও পশু চিকিৎসকেরা। হাতির বাচ্চা মারা যাওয়ার ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
রাঙামাটি জেলা ভেটেরিনারি সার্জন দেবরাজ চাকমা ও সদর উপজেলা ভেটেরিনারি সার্জন সুসেন চৌধুরী জানান, হাতি দুটির মধ্যে বড়টির বয়স পাঁচ এবং ছোটটির বয়স দেড় বছর হতে পারে। তাঁদের ধারণা, বড় হাতিটির শুঁড় ৩৩ হাজার ভোল্টের বিদুতের তারে জড়ানোয় প্রাণীটির মৃত্যু হয়েছে। ছোট হাতিটি বড় হাতির শরীর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে। ধারণা করা হচ্ছে, ৭ থেকে ১০ দিন আগে দুটি হাতি মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, কাপ্তাই সেনানিবাসসংলগ্ন যে এলাকায় হাতির বাচ্চা দুটি মৃতদেহ পাওয়া গেছে, তার ৮-৯ ফুট ওপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। সেখানে বিদ্যুতের দুটি খুঁটি হেলে পড়ায় তার নিচ দিয়ে গেছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির বাচ্চা দুটি মারা গেছে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনা তদন্তে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. মামুনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মো. শামসুল মুহিত চৌধুরী।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের বনপ্রহরী মো. ফরিদ প্রথম আলোকে জানান, কাপ্তাই জাতীয় উদ্যান, জীবতলী ও আশপাশ এলাকায় প্রায়ই হাতির পাল দেখা যায়।