কাপ্তাইয়ের পাহাড় থেকে কার্বারিকে অপহরণ
রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গত সোমবার কেওলা প্রু মারমা (৫০) নামের এক উপজাতি কার্বারিকে (পাড়ার প্রধান) অপহরণ করা হয়েছে। তাঁর ছেলে উসাই মং মারমা চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, পাহাড়ি সন্ত্রাসীরা তাঁর পিতাকে অপহরণ করেছে।পরিবার সূত্রে জানা গেছে, দুর্গম গবছড়া এলাকার নিজ বাসা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্বারি কেওলা প্রু মারমাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মুক্তিপণ দাবি বা অপহরণের কথা স্বীকার করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্যাহ জানান, কেওলা প্রু মারমাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে । কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াছ হোসেন জানান, তিনি ঘটনাস্থলে একটি সেনা দল পাঠিয়েছেন।