কাপ্তাইয়ের পাহাড়ে ঝুঁকিতে বাস করছে ২১৫ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের চূড়ায় তৈরি করা বাড়িগুলোতে ঝুঁকি নিয়ে বসবাস করছে ২১৫টি পরিবার।বৃষ্টি আর জোরে বাতাস শুরু হলেই ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়িগুলোর বাসিন্দারা। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে বার বার আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি নামক স্থানে সর্বাধিক সংখ্যক পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে। এখানে পাহাড়ের চূড়ায় ও পাদদেশে মানুষ বসবাস করছে। পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর একেবারে কুল ঘেঁষেও অনেকে বাস করছে। অতি বৃষ্টি হলে বহু বাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ বলেন, ঢাকাইয়া কলোনিতে ৬৬ পরিবার গত ১৫ বছর ধরে বসবাস করছে। এলাকাটি চরম ঝুঁকিপূর্ণ হলেও এখানে বিগত সময়ে কখনো দুর্ঘটনা ঘটেনি।৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সজিবুর রহমান বলেন, ঢাকাইয়া কলোনি তাঁর ওয়ার্ডে অবস্থিত। মানুষ এখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করলেও এলাকার পাহাড়ের মাটি এতটাই শক্ত ও মজবুত যে এখানে কখনো পাহাড় ধসের আশঙ্কা নেই। এই কলোনির বাসিন্দা তোতা মিয়া, বাছু মিয়া, জাহানারা বেগম, ছেনোয়ারা বেগম, কাঞ্চন মিয়াসহ আরও অনেকে প্রথম আলোকে বলেন, ‘এখানে প্রায় দেড় হাজার লোকের বাস। বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তারা এখানে এসে পরিদর্শন করেন। আমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে বলেও মাঝেমধ্যে শুনি।’ কাপ্তাই উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুস সিদ্দিক উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম এলাকায় ২১৫টি পরিবার ঝুঁকি নিয়ে বাস করার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন।তিনি বলেন, রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উচ্চপর্যায় থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, এখানকার ঝুঁকিপূর্ণ বসবাস বিষয়ে রাঙামাটি জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা হয়েছে।রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ২০ জুলাই কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করে সেখানে বসবাসকারীদের অল্প সময়ের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও নির্বাহী কর্মকর্তা জানান।ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা কাজী আবদুর রহমান বলেন, সরকারের যে আশ্রয়ণ প্রকল্প রয়েছে সেই রকম প্রকল্প এখানে (কাপ্তাইয়ে) নেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তবে আপাতত প্রশাসন দুটি উচ্চবিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে ওই সব লোকজনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাসকারী পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।