রানা প্লাজা ধসের মর্মান্তিক দুর্ঘটনার দিনটিতে বিশ্বব্যাপী এক ব্যতিক্রমী স্মারক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে পাশ্চাত্যের ফ্যাশন জগৎ।
কে বানিয়েছে আপনার কাপড়?—এই প্রশ্নের জবাব জেনে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রেতা ও ভোক্তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দিনটিকে ফ্যাশন বিপ্লব দিবস বা ফ্যাশন রেভল্যুশন ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এর উদ্যোক্তারা জানিয়েছেন, রানা প্লাজায় নিহত ব্যক্তিদের স্মরণের পাশাপাশি পোশাকশিল্পে নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব পরিবর্তন প্রয়োজন, তা তুলে ধরার উদ্দেশ্যেই বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে ওই দিন। এগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ হলো, কাপড় উল্টো করে পরা বা পোশাকের ভেতরের দিকটি দেখানো, যেখানে কাপড়ের লেবেল থাকে। যাতে করে ক্রেতা বা ভোক্তা জানতে পারেন পোশাকটি কোথায় তৈরি হয়েছে এবং কীভাবে তৈরি হয়েছে।
ফ্যাশন রেভল্যুশন ডের ‘ইনসাইড আউট’ কর্মসূচিতে ফ্যাশন জগতের শীর্ষস্থানীয় তারকারা যেমন অংশ নিচ্ছেন, তেমনি তাতে শরিক হয়েছেন পাশ্চাত্যের বিভিন্ন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান। এই প্রচারাভিযানের প্রতিষ্ঠাতা হলেন নৈতিক বাণিজ্য বা ইথিকাল ট্রেড আন্দোলনের জন্য সুপরিচিত কেরি সমার্স, আর সহ-উদ্যোক্তা ‘লন্ডন ফ্যাশন উইক’-এর প্রতিষ্ঠাতা ওরসলা ডি ক্যাস্ট্রো।
কেরি সমার্স প্রথম আলোকে জানান, এইচঅ্যান্ডএম এবং পাতাগোনিয়ার মতো চেইনসহ ফ্যাশনের বুটিক বলে পরিচিত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেবে। ৪০টিরও বেশি দেশে এসব প্রতিষ্ঠান ওই দিন তাদের দোকানে কাপড়ের লেবেল প্রদর্শনসহ পোশাক তৈরির বিষয়ে সম্ভাব্য বিভিন্ন তথ্য তুলে ধরবে। একই সঙ্গে, বার্সেলোনায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত ফ্যাশন শো। লন্ডন, নিউইয়র্কসহ পাশ্চাত্যের বিভিন্ন শহরে ফ্ল্যাশ মব এবং আলোচনা অনুষ্ঠান হবে। ঢাকাতেও ২৪ ও ২৫ এপ্রিল আয়োজন করা হয়েছে নানা ধরনের প্রদর্শনীসহ আলোচনা সভা, যাতে বিবি রাসেলসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজাইনার এবং ফ্যাশন তারকাদের অংশগ্রহণের কথা রয়েছে।
ফ্যাশন রেভল্যুশন ডে পালনের মাধ্যমে কী অর্জিত হবে, জানতে চাইলে কেরি সমার্স প্রথম আলোকে বলেন, ‘আমরা ফ্যাশন শিল্প এবং পোশাক খাতের প্রতি পরিবর্তন ঘটানোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। যেভাবে এই শিল্প চলছে, তা চলতে পারে না। এই অবস্থার উন্নতি প্রয়োজন। বাঁচার মতো মজুরি, নিরাপদ কাজের পরিবেশ এবং শ্রমিকদের কথা বলার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সে কারণেই পোশাকটি কোথায় তৈরি হয়েছে, তার উপকরণগুলো কোথা থেকে কীভাবে সংগৃহীত হয়েছে, শ্রমিকের মজুরির হার, কাজের পরিবেশ, তার অধিকার—এগুলোর বিষয়ে ভোক্তাদের প্রশ্ন করা উচিত। এগুলোর জবাবের ওপর ভিত্তি করে যদি তাঁরা কাপড় কেনার সিদ্ধান্ত নেন, তাহলে বিক্রেতারাও এসব বিষয়ে সচেতন হতে বাধ্য হবেন।’ কেরি জানান, তাঁদের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ দোকানমালিক জানেন না তাঁরা যেসব পোশাক বিক্রি করছেন, সেগুলো কোত্থেকে এসেছে।
পোশাকটি কে বানিয়েছে?—এই প্রশ্নের জবাব বাংলাদেশের মতো দেশগুলোতে তৈরি পোশাক বর্জনের দিকে ভোক্তাদের ঠেলে দিলে তা কীভাবে দরিদ্র পোশাকশ্রমিকদের সহায়ক হতে পারে—এই প্রশ্নের জবাবে কেরি বলেন, তাঁদের প্রচারাভিযান কোনোভাবেই বর্জনের জন্য নয়। বরং, তাঁর ভাষায়, ‘তাঁদের পরিত্যাগ না করে আমরা তাঁদের অবস্থার উন্নতি দাবি করছি। আমরা পরিস্থিতির উন্নতি ঘটানোর উদ্যোগ নিতে বড় বড় কোম্পানিগুলোকে উৎসাহিত করছি, কোনো সরবরাহকারীকে ত্যাগ করতে বলছি না।’
কেরি বলেন, ‘আমরা মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো কোম্পানির কাছে যখন এ বিষয়ে কথা বলতে গিয়েছি, তারা জানিয়েছেন যে সরবরাহকারীদের মাধ্যমে শ্রমিকদের মজুরি এবং কাজের পরিবেশের উন্নতি ঘটানোর বিষয়ে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বলেছি যে ভালো কোনো পদক্ষেপ নিয়ে থাকলে সেগুলোর বিস্তারিত শেলফের পোশাকগুলোর পাশাপাশি প্রদর্শন করুন। তাহলেই ক্রেতারা জেনেশুনে সিদ্ধান্ত নিতে পারবেন এবং যাঁরা এসব তথ্য দেবেন না, তাঁদের তুলনায় বাজারে আপনারা এগিয়ে যাবেন।’
পোশাকশিল্প খাতে পরিবর্তনের জন্য যাঁরাই কাজ করছেন, ফ্যাশন রেভল্যুশন ডে তাঁদের সবার একটি সমন্বিত প্ল্যাটফর্ম উল্লেখ করে কেরি সমার্স জানান, ক্লিন ক্লথ ক্যাম্পেইন এবং লেবার বিহাইন্ড দ্য লেবেলস-এর মতো শ্রম অধিকার সংগঠনগুলো তাঁদের সঙ্গে কাজ করছে।