কাপড় কিনে দরজির দোকানে ছুট

রেহনুমা শাহীন ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়ালেখা করলেও ভালোবাসেন পোশাকের নকশা করতে। নিজের ও ছোট বোনদের ঈদের পোশাকের নকশা দরজিকে তিনিই বুঝিয়ে দেন। গতকাল চাঁদনী চক মার্কেটে কথা হয় তাঁর সঙ্গে। কয়েক রঙের থান কাপড়, লেস কিনেছেন তিনি। বললেন, নিজে ডিজাইন করে বানালে ঈদের পোশাকটা আলাদা হয়, মাপ নিয়েও সমস্যা হয় না।
ঈদ সামনে রেখে থান কাপড়ের বিক্রি বেড়েছে আর দরজি দোকানেও তুমুল ব্যস্ততা। ঈদে পছন্দের পোশাকটি সময়মতো তৈরি করিয়ে নিতে আগাম কেনাকাটা শুরু করেছেন অনেকে।
থান কাপড়ের বড় খুচরা বাজার চাঁদনী চক ও গাউছিয়ায় শবে বরাতের পরপরই বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন বিক্রেতারা। তবে গতকাল সোমবার দুপুরে গিয়ে ক্রেতাদের আনাগোনা তেমন চোখে পড়েনি। চাঁদনী চকের মীম ম্যাচিং সেন্টারের বিক্রয়কর্মী ইব্রাহীম বললেন, ‘শবে বরাতের পর বাজার জমছিল। এখন রোজার পরথম দুই-তিন দিন স্লো যাইব। বুধবার থিকা আবার জমতে পারে।’
দুই মেয়েকে নিয়ে গাউছিয়া মার্কেটে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী পারুল রহমান। বললেন, তৈরি পোশাকের অনেক দাম। মধ্যবিত্ত সংসারে কুলিয়ে ওঠা যায় না। তাই কাপড় কিনে পোশাক বানিয়ে নেওয়াই সুবিধাজনক মনে করেন তিনি।
এবার ঈদের পোশাক তৈরিতে সিল্ক ও ভারী কাজের নেট কাপড়ের চাহিদা বেশি। বিক্রেতারা বললেন, হালকা রঙের জমিনে ভেলভেট এমবোস, নানা রঙের শামু সিল্ক আর নেটের ওপর সুতা-পুঁতির কাজের কাপড় বেশি চলছে। সিল্ক কাপড়ের গজ ২০০ টাকা থেকে শুরু। নেটের কাপড় কাজভেদে গজপ্রতি ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
গজ কাপড়ের পাশাপাশি সেলাই ছাড়া থ্রিপিসও আছে আগাম কেনাকাটার তালিকায়। ঝুমুর ফ্যাশনের বিক্রেতা মহসীন বলেন, গরমের কথা মাথায় রেখে ক্রেতারা ঈদে পরার জন্য সুতির থ্রিপিস বেশি পছন্দ করছেন। তাঁর দোকানে ৫৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে সুতির থ্রিপিস পাওয়া যাচ্ছে।
ঈদের পোশাকে বাড়তি আকর্ষণ যোগ করতে জরি-পুঁতির লেসের চাহিদা যথেষ্ট। তাই লেসের দোকানগুলোও নতুন নতুন নকশার লেসের সম্ভার সাজিয়ে বসেছে। নেট-ভেলভেটের ওপর কারচুপি আর সুতার কাজের জমকালো লেসের দাম প্রতি গজ ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা। সাধারণ লেসের দাম শুরু ১৫ টাকা থেকে। তবে ব্যবসায়ীরা বললেন, বিক্রি জমেনি।
দরজিরা ব্যস্ত
দিন পনেরো ধরে দরজিরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজিমপুরের নিউ ডায়মন্ড টেইলার্সে গিয়ে দেখা যায়, মেঝেতে টুকরো কাপড়, সুতার রিল ছড়িয়ে ছিটিয়ে আছে। মাস্টার অসীম কুমার মিস্ত্রি বলেন, শবে বরাতের আগেই কাজের চাপ শুরু হয়েছে। ১০ রোজার পর আর পোশাকের ফরমাশ নিতে পারবেন না। এই টেইলার্সে সুতির থ্রিপিস সেলাইয়ের মজুরি হচ্ছে ৩০০ টাকা। আর জর্জেটের থ্রিপিস সেলাইয়ে খরচ ৫০০ টাকা।
চাঁদনী চকের সুশীলা লেডিস ফ্যাশনের কারিগরদের সেলাই মেশিনের চাকাও ঘুরছে গভীর রাত পর্যন্ত। এখানে সেলাইয়ের মজুরি কিছুটা বেশি। ৫০০ টাকা থেকে শুরু। কারিগর ইব্রাহীম বললেন, এটাই ব্যবসার সময়। সারা বছরে সবচেয়ে বেশি আয় রমজানেই হয়।