কাপড় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নৃশংসভাবে খুন হয়েছেন আকুল মিয়া (৩৫) নামের একজন ব্যবসায়ী। গতকাল শনিবার সকালে পিয়াইন নদের তীর থেকে গলাকাটা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আকুল মিয়া পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পিয়াইন নদের তীরে বন বিভাগের মুরতাবাগানে জায়গার দখল নিয়ে গত শুক্রবার সকালে দুই নারী বেত বুননকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর গতকাল সকালে আকুল মিয়ার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, আকুল মিয়া পশ্চিম জাফলংয়ের হাজীপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন। শুক্রবার হাট শেষে রাত ১১টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা করেছিলেন বলে হাজীপুর বাজারের ব্যবসায়ীরা জানান। কিন্তু তিনি রাতে বাড়ি ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির অদূরে পিয়াইন নদের দক্ষিণ তীরে অকুলের গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই জানান, রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে আকুলকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।