কাপড়সহ ট্রাক ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চালক ও হেলপারের হাত-পা বেঁধে ১৪ হাজার পিস গ্রে-কাপড়সহ ট্রাক ছিনতাই হয়েছে। গতকাল বুধবার ভোরে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ট্রান্সপোর্টের মালিক ও পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ভোরে আড়াইহাজার আদর্শ বাজার কালীবাড়ি থেকে কালীবাড়ি ট্রান্সপোর্টের ট্রাকে (ঢাকা মেট্রো-১১-১২৯৯) করে ব্যবসায়ীদের ১৪০টি গাঁইটে ১৪ হাজার পিস গ্রে-কাপড় নিয়ে ঢাকার ইসলামপুরের উদ্দেশে রওনা হয়। ট্রাকটি রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস সামনে গিয়ে ব্যারিকেড দেয়। মাইক্রোবাসের কয়েকজন ট্রাকচালকের কাছ থেকে গাড়ির কাগজ ও মালের চালানের কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালক অলি ও হেলপার সালাহউদ্দিন পুলিশের লোক মনে করে ট্রাক থেকে নেমে কাগজপত্র দেখানোর সময় ছিনতাইকারীরা তাঁদের গলায় ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে চটের বস্তায় ভরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা রূপগঞ্জের তারাব পৌরসভা কার্যালয়সংলগ্ন মহাসড়কের নির্জন স্থানে চালক অলি ও হেলপার সালাহউদ্দিনকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করে।