কাপড়সহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৩
ঢাকার সাভারের বলিয়ারপুর থেকে গত রোববার গভীর রাতে ছিনতাই হওয়া ১৫ লাখ টাকার কাপড়সহ তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে পুলিশ কাপড় বহনকারী পিকআপের অপহূত চালক, তাঁর সহযোগীসহ ব্যবসায়ীদের এক প্রতিনিধিকেও উদ্ধার করেছে। কাপড়ের গাড়ি আটক করতে গিয়ে ছিনতাইকারীদের ছোড়া ইটের আঘাতে সাভার থানার উপপরিদর্শক (এসআই) রজ্জব আলী আহত হয়েছেন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার থানার পুলিশ জানায়, পাবনার শাহজাদপুর থেকে ১৫ লাখ টাকার দুই হাজার ৪০০ কাপড় নিয়ে একটি পিকআপ রাজধানীর কারওয়ান বাজারে যাওয়ার সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা পিকআপের চালক মনির হোসেন (২৫) ও তাঁর সহযোগী ওমর ফারুক (২২) এবং ব্যবসায়ীদের প্রতিনিধি কুদ্দুসকে (৩৫) গাড়ি থেকে নামিয়ে হাত-পা বেঁধে অন্য একটি পিকআপে তুলে ত্রিপল দিয়ে ঢেকে সাভারের দিকে চলে আসে। রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেপুর সেতুর অদূরে পুলিশের তল্লাশি চৌকির কাছে পৌঁছালে পুলিশ কাপড় বহনকারী গাড়িটি থামাতে সংকেত দেয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে চালাতে থাকলে পুলিশ পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর পেছনে আসা অপর পিকআপটি থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) রজ্জব আলী আহত হন। এর পরও পুলিশ ধাওয়া করতে থাকলে বলিয়ারপুর এলাকায় কাপড় বহনকারী গাড়িটি রেখে চালকসহ অন্যরা পালিয়ে যায়। এ সময় খবর পেয়ে সাভার থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পেছনে আসা পিকআপটি ঘুরিয়ে রাজধানীর দিকে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে টহল পুলিশের দলটি ধাওয়া করে আমিনবাজার এলাকা থেকে ওই পিকআপসহ মো. হীরা (২৯), রুবেল (২৩) ও শাহ আলম (২০) নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ওই গাড়ি থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় কাপড় বহনকারী পিকআপের চালক, তাঁর সহযোগীসহ ব্যবসায়ীদের প্রতিনিধিকে উদ্ধার করে। পিকআপের চালক মনির হোসেন বাদী হয়ে গতকাল সাভার থানায় মামলা দায়ের করেন।মনির হোসেন জানান, রোববার শাহজাদপুর হাট থেকে কাপড় কেনার পর তাঁদের পিকআপটি ভাড়া করে ব্যবসায়ী প্রতিনিধি কুদ্দুস মালামাল নিয়ে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। রাজধানীর তেজগাঁওয়ের এফডিসির সামনে পৌঁছালে তিন ছিনতাইকারীসহ আরও কয়েকজন অপর একটি পিকআপ নিয়ে এসে তাঁর গাড়ির গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে তাঁদের নামিয়ে মারপিট করে হাত-পা বেঁধে ওই পিকআপে তুলে কাপড়সহ পিকআপটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান কাপড়সহ ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।