
কাপড় দিয়ে একটি সড়কের সব সাইনবোর্ড ঢেকে দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত কর আরোপের প্রতিবাদ জানানো হয়েছে। রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ গতকাল শনিবার এ কর্মসূচি পালন করে।
এর আগে বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন, নগর ভবনে অবস্থান কর্মসূচি, সিটি করপোরেশনের বিরুদ্ধে মামলা ও একাধিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকালের কর্মসূচি থেকে দাবি মেনে নেওয়ার জন্য ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।
গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট সড়কের দুই পাশের সাইনবোর্ডগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। একই সঙ্গে সেখানে সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন। মানববন্ধন চলাকালে নগরের মহিষবাথান এলাকার এক ব্যক্তি তাঁর হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ নিয়ে আসেন। তিনি কর পরিশোধের রসিদ বের করে দেখান যে গত বছর তাঁর কর নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৪৪৯ টাকা। তিনি আপিল করার পর তা কমিয়ে ২ হাজার টাকা করা হয়। জরিমানাসহ তাঁকে ২ হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হয়েছে। তিনি বলেন, এই টাকা পরিশোধ করতে গেলে তাঁকে জানানো হয় যে এবার তাঁর কর হবে ১০ হাজার টাকা।
এ সময় বক্তারা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি ৫০০ শতাংশ থেকে ১০০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা অযৌক্তিক ও অন্যায়। এই ট্যাক্স বৃদ্ধি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে করা হয়েছে। সাইনবোর্ডের জন্য আলাদা করে ফি নির্ধারণ করা হয়েছে। বছরে ১০-১২ হাজার টাকা শুধু সাইনবোর্ডের জন্যই দিতে হবে। এ কারণে অনেক ব্যবসায়ী দোকান থেকে তাঁদের সাইনবোর্ড নামিয়ে রাখছেন। বক্তারা রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়রকে উদ্দেশ করে বলেন, তিনি অযৌক্তিকভাবে অসহনীয় মাত্রায় করারোপ করে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নœ করছেন।
বক্তারা বলেন, অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স ফি কমানো, সাইনবোর্ড ফি বাতিল করার বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়রসহ রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছে। মেয়র কথা দিয়েছিলেন, আলোচনা সাপেক্ষে হোল্ডিং ট্যাক্স যৌক্তিক ভিত্তিতে নির্ধারণ করা হবে। ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি গেজেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কিন্তু হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি নির্ধারণের পদ্ধতি জনগণের কাছে পরিষ্কার না করে অস্বাভাবিক হারে নেওয়া হচ্ছে এবং বাকি দাবিগুলো পূরণের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না।
মানববন্ধন থেকে দাবি মেনে নেওয়ার জন্য বক্তারা ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান, নাগরিক সমন্বয় কমিটির সদস্যসচিব সেকেন্দার আলী, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক এনামুল হক, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনিন, মুক্তিযোদ্ধা সাজাহান আলি বরজাহান, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মেদ খান প্রমুখ।