কাপড়ের গুদামে আগুন ধোঁয়ায় অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু
রাজধানীর এলিফ্যান্ট রোডে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের পর্দার কাপড়ের গুদাম পুড়ে গেছে। এ সময় ধোঁয়ায় পাশের ভবনের এক বৃদ্ধা অসুস্থ হয়ে মারা গেছেন।এদিকে গতকাল রাত আটটার দিকে রায়েরবাজার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, আগুনে অনেকগুলো বস্তিঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় বস্তিতে আগুন জ্বলছিল। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ের কাছে সোনালী ডিভাইন হাউজের সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরই পাশের দেওয়ান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ডি হাসান অ্যান্ড ব্রাদার্সের পর্দার কাপড়ের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের দ্বিতীয় তলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই নিচতলার প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে আগুন ধরে যায়। একপর্যায়ে একই প্রতিষ্ঠানের পাশের দুটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করেন। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের আটটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা একটার দিকে আগুন নেভায়।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল আটটায় আগুন লাগার খবর পান তাঁরা। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ভিড়তে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে গুদামের দেয়াল কেটে ভেতরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে শাহিনুর নামে একজন অগ্নিনির্বাপক কর্মী আহত হন। তিনি জানান, মার্কেটটির পাশের একটি ভবনে আগুনের আতঙ্কে সামসুননাহার (৮৫) নামে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।