কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল লাঠি চকলেট। আর মিষ্টি কারখানার ফেলে দেওয়া উপকরণের সঙ্গে ময়দা যোগ করে তৈরি হচ্ছিল লাড্ডু ও অন্যান্য মিষ্টান্ন। গতকাল সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ চকলেট ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই এলাকায় অনুমোদন ছাড়া বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে আরও তিনজনকে দণ্ড দিয়েছেন আদালত।
র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন। তিনি বলেন, পশ্চিম কামরাঙ্গীরচরের হযরতনগরে একটি দোতলা বাড়ির নিচতলা ভাড়া নিয়ে মোহাম্মদ আলী তাঁর শ্যালক হাবিবুর রহমানকে নিয়ে ‘মৌসুমী লজেন্স’ কারখানা গড়ে তোলেন। ওই কারখানায় ১০ রকম ও রঙের লাঠি চকলেট তৈরি হতো। লজেন্সগুলো রঙিন করতে পোশাক কারখানায় ব্যবহূত (ইন্ডাস্ট্রি গ্রেড) রং ব্যবহার করা হচ্ছিল। এই রং মানুষের দেহের জন্য গুরুতর ক্ষতিকর। এ ছাড়া এগুলোতে নিম্নমানের তরল গ্লুকোজ, চিনি ও কৃত্রিম গন্ধ (ফ্লেভার) ব্যবহার করা হচ্ছিল। এ উপকরণগুলো মিশিয়ে তৈরি করা মণ্ড ছোট ছোট করে কেটে হাত মেশিনে চাপ দিয়ে তৈরি করা হয় বাহারি রঙের লাঠি চকলেট। ক্ষতিকারক ও নিম্নমানের উপকরণ দিয়ে লজেন্স তৈরির দায়ে মোহাম্মদ আলীকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং তাঁর শ্যালককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই কারখানার পাশেই আরেকটি বাড়িতে নোংরা পরিবেশে লাড্ডু ও মনসুর (একধরনের শুকনো কুড়মুড়ে মিষ্টি খাবার) মিষ্টি তৈরি হচ্ছিল। মিষ্টি কারখানা থেকে ফেলে দেওয়া গাদ ও স্যাকারিনে ময়দা মিশিয়ে তৈরি হচ্ছিল এগুলো। রাসায়নিক দিয়ে একধরনের মাওয়া তৈরি করে লাড্ডুতে মেশানো হচ্ছিল। এ কারখানার মালিককে পাওয়া যায়নি। সেখানে একজন কর্মী ছিলেন। কামরুল ইসলাম (২৩) নামের ওই কর্মীকে পাঁচ হাজার টাকা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর পরে হাজারীবাগের পশ্চিম ঝাউচরে একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানায় যান ভ্রাম্যমাণ আদালত। গ্রামীণ কেব্ল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় ছয় ধরনের তার তৈরি হচ্ছিল। ছয় রকমের মধ্যে মাত্র এক রকম তার তৈরির জন্য অনেক আগে বিএসটিআই থেকে অনুমোদন নিয়েছিলেন মালিক। বাকি পাঁচ রকম তারের অনুমোদন নেই। তার তৈরি প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য সেখানে কোনো প্রকৌশলী বা দক্ষ ব্যক্তিও ছিলেন না।
অনুমোদন ছাড়া তার তৈরির দায়ে কারখানার মালিক (অংশীদার) নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, তাঁর ভাই জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং আরেক অংশীদার লায়লা নাজনীন ফিরোজাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
র্যাব-২ উপপরিচালক রাকীবুল আমীনের নেতৃত্বে র্যাবের একটি দল এবং বিএসটিআইয়ের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।