কাপড়ের রং সেমাইয়ে!
রংপুরের বিভিন্ন এলাকায় ঈদকে ঘিরে গড়ে ওঠা শতাধিক কারখানায় বিষাক্ত রং ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছে। বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গরুর কথা বলে মহিষ এবং খাসির কথা বলে বকরির মাংস বিক্রি করা হচ্ছে।শহরের আলমনগর, বাবুপাড়া, তাজহাট, নূরপুরসহ আরও কিছু এলাকায় গড়ে ওঠা অর্ধশতাধিক কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে সেমাই তৈরির কাজ। এসব প্রতিষ্ঠান পৌরসভা বা বিএসটিআই থেকে কোনো লাইসেন্সও নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল করতে সেমাইয়ে ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রং। কাপড় ও সুতা তৈরির জন্য যে রং ব্যবহূত হয়, তা-ই সেমাই তৈরিতে ব্যবহার করা হয়।ময়মনসিংহের একটি কাপড় তৈরির কারখানার ডায়িং শাখার প্রকৌশলী মেহেদী হাসান জানান, কাপড়ের রং পাকা ও উজ্জ্বল করার জন্য সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা, হাইড্রোজ ব্যবহার করা হয়। এসব রাসায়নিকে বিষাক্ত উপাদান আছে। তাই তৈরি হওয়ার পর এসিড দিয়ে কাপড় পরিষ্কার করে তা পরিধানযোগ্য করা হয়। অন্যদিকে সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে এসিড দিয়ে পরিষ্কার করা ছাড়াই অল্প পরিমাণে রং ব্যবহার করা হয়। তাই এই রং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সরেজমিনে দেখা যায়, শহরের আলমনগর এলাকার বাচ্চু মিয়া তাঁর কারখানায় নোংরা পরিবেশে সেমাই তৈরি করছেন। তিনি ব্যবসা পরিচালনার জন্য অনুমোদনও (লাইসেন্স) নেননি। বাবুপাড়ার ছুনু মিয়াও নোংরা পরিবেশে সেমাই তৈরি করছেন।কারখানার মালিক রংপুর শহরের বাবুপাড়ার দিনার মিয়া ও রওজানুল ইসলাম জানান, রং উজ্জ্বল করার জন্য ‘রেড অক্সাইড’ ও ‘পিওরি’ নামের দুটি রং সেমাইয়ে দেওয়া হয়। দিনার মিয়া জানান, সেমাইয়ে একটু-আধটু রং মেশালে তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। সেমাই ছাড়াও অনেক খাদ্যদ্রব্যে এই রং মেশানো হয়।রওজানুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে প্রতিবছর সেমাই তৈরি করা হয়। একেবারে সাদা হলে গ্রামের লোকজন সেমাই কিনতে চায় না। এ কারণে এতে সামান্য রং মেশানো হয়।সরেজমিনে দেখা গেছে, শহরের বেতপট্টিতে বেশ কয়েকটি দোকানে রং বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দোকানের মালিক জানান, ‘যেকোনো লোকই দোকানে এসে রেড অক্সাইড ও পিওরি নামের রং কিনে নিয়ে যেতে পারে। কারণ এই রং বিক্রি করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। সাধারণত কাপড় ও সুতায় এই রং ব্যবহার করা হয়। তাই কোন ক্রেতা কী কারণে রং নিচ্ছেন, তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়।’পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক সোয়েব ইকবাল বলেন, এসব সেমাই কারখানা ঈদের আগে দেখা যায়। এদের কোনো ট্রেড লাইসেন্সও নেই। এ সব কারখানার মালিকেরা সেমাইয়ে রং মেশান। লোকবলের অভাবে এসব কারখানায় অভিযান চালানো সম্ভব হয় না।শহরের পৌরবাজারসহ বিভিন্ন মোড়ে বিক্রি হওয়া প্রতিটি গরু ও ছাগলের শরীরে যথাক্রমে এঁড়ে ও খাসির সিলমোহর দেওয়া হয়। তবে সব গরুই এঁড়ে এবং সব ছাগল খাসি নয়। বাজারে যেসব খাসির মাংস বিক্রি করা হয়, সেগুলোর অধিকাংশই রোগাক্রান্ত বকরি বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন রংপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক সোয়েব ইকবাল।সম্প্রতি শহরের বাস টার্মিনাল, পৌরবাজার ও মাহিগঞ্জের ১৫টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়েছে।রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন বলেন, রং ও বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি সেমাই খেলে কিডনি ও যকৃতের ক্ষতি হতে পারে। এতে হজমশক্তিও কমে যায়।পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, সেমাই কারখানাগুলো রোজার মাসের আগে দেখা যায় না। এসব কারখানায় অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। শিগগির অভিযান চালানো হবে।