কাপড়ের রঙে দই-মিষ্টি!
রং-বেরঙের মিষ্টি আর লাড্ডু। দই, ঘি আর বনস্পতি তেলেও চকচকে রং। আর এ সামগ্রীগুলো তৈরি করে এত দিন বাজারজাত করছিল রাজধানীর তুরাগ এলাকার সৌরভ মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরাধ—ওই সব সামগ্রীতে যে রং দেখা যাচ্ছে, তা আসলে কাপড়ে ব্যবহারের।
এদিকে একই দিন একই ভ্রাম্যমাণ আদালত কেক ও বিস্কুটে মানবদেহের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার করায় রাজধানীর বিমানবন্দর এলাকার একতা বেকারি ও শাহজালাল বেকারি নামের দুটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৫-এপিবিএন) সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওই তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সৌরভ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় বিভিন্ন ধরনের লাল, নীল ও বেগুনি রং পাওয়া যায়, যা কাপড় তৈরির সময় ব্যবহৃত হয়। কিন্তু বেশি মুনাফার জন্য এ রংগুলো তারা মিষ্টি, দই ও লাড্ডুতে ব্যবহার করত। এ ছাড়া এগুলো ঘি ও বনস্পতি তেলে মেশানো হতো। এ ধরনের রং মেশানো খাবার খেলে মানবদেহে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। এই অপরাধে সৌরভ প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ এস এম হাফিজুর রহমান আরও জানান, বিমানবন্দর-সংলগ্ন বাউনিয়া এলাকায় একতা বেকারি ও শাহজালাল বেকারির কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে কেক-বিস্কুট তৈরি হতো। এসব কেক-বিস্কুটে নিম্নমানের আটা-ময়দার মধ্যে চিনির পরিবর্তে ঘনচিনি মেশানো হতো। এ জন্য একতা বেকারিকে দুই লাখ এবং শাহজালাল বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে তিনটি বেকারি থেকে জব্দ করা বিপুল পরিমাণ দই, মিষ্টি, লাড্ডু ও ঘি ধ্বংস করা হয়।