কাপড়ের রঙে দই, মিষ্টি ঘনচিনির কেক ও বিস্কুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতার আকর্ষণ বাড়াতে কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হতো দই, মিষ্টি আর লাড্ডু। কাপড়ে ব্যবহার করার এসব বিষাক্ত রং আবার ঘি ও বনস্পতি তেলে মিশিয়ে বাজারে বিক্রি করত রাজধানীর তুরাগ এলাকার সৌরভ মিষ্টান্ন ভান্ডার। এ ছাড়া উত্তরায় বিমানবন্দর এলাকার একতা বেকারি ও শাহজালাল বেকারির কেক ও বিস্কুটে মেশানো হতো মানবদেহের জন্য ক্ষতিকর ঘনচিনি।
এ অপরাধে গতকাল বৃহস্পতিবার এই তিনটি বেকারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন ৫-এপিবিএন ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
৫-এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই তিনটি বেকারিতে অভিযান চালানো হয়। সৌরভ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় বিভিন্ন ধরনের লাল, নীল ও বেগুনি রং পাওয়া যায়, যা কাপড় তৈরির সময় ব্যবহৃত হয়। কিন্তু বেশি মুনাফার জন্য এ রংগুলো তারা মিষ্টি, দই ও লাড্ডুতে ব্যবহার করত। এ ছাড়া এগুলো ঘি ও বনস্পতি তেলে মেশানো হতো। এ ধরনের রং মেশানো খাবার খেলে মানবদেহে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। এই অপরাধে সৌরভ সুইটসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে বিমানবন্দর-সংলগ্ন বাউনিয়া এলাকায় একতা বেকারি ও শাহজালাল বেকারির কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে কেক-বিস্কুট তৈরি হতো। এসব কেক-বিস্কুটে নিম্নমানের আটা-ময়দার মধ্যে চিনির পরিবর্তে ঘনচিনি মেশানো হতো। এ জন্য একতা বেকারিকে দুই লাখ টাকা এবং শাহজালাল বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরে বিএসটিআইয়ের কর্মকর্তা খাইরুল ইসলামের উপস্থিতিতে তিনটি বেকারি থেকে জব্দ করা বিপুল পরিমাণ দই, মিষ্টি, লাড্ডু ও ঘি ধ্বংস করা হয়।