আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-কাফকোর সিবিএ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন শ্রম আদালত। ফলে পূর্বনির্ধারিত তারিখ ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
কাফকো সিবিএ সূত্র জানায়, ভোটার তালিকা ও গঠনতন্ত্র সংশোধন, ঢাকার প্রধান কার্যালয়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন এবং নির্বাচন স্থগিত চেয়ে ১১ জানুয়ারি প্রথম শ্রম আদালতে মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালতের চেয়ারম্যান কাজী শাহিনা নিগার। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ২১৩ ধারায় অভিযোগ এনে সভাপতি প্রার্থী আবু হায়দার মো. ওসমান গণিসহ চারজনকে আসামি করে মামলাটি করেন আরেক সভাপতি প্রার্থী মো. আবু তাহের, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মহসিন ও সহসাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মোবারক মিয়া।
এ ব্যাপারে নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান ওয়ায়েজ হোসেন ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনের ওপর নিষেধাজ্ঞার চিঠি অফিসে এসেছে। এটি পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।