কাফকো বন্ধ করে রাউজানে বিদ্যুৎ উৎপাদন শুরু
সন্ধ্যার ব্যস্ত সময়ে চট্টগ্রামের বড় বড় শিল্প-কারখানা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে কর্ণফুলী সার কারখানায় (কাফকো) গ্যাস সরবরাহ বন্ধ রেখে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট ও শিকলবাহায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এতে চট্টগ্রামের বিদ্যুৎ উৎপাদন ১৮০ মেগাওয়াট বেড়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দাবি করেছে। পিডিবি সূত্র জানায়, গতকাল শনিবার রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিটে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ মেগাওয়াট পাওয়া গেছে। গ্যাসের অভাবে এক বছরের বেশি শিকলবাহা এবং রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ ছিল। গত জুনে শিকলবাহায় ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্লান্টের নির্মাণকাজ শেষ হয়। কিন্তু গ্যাস না থাকায় এটি চালু করা যাচ্ছে না।কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র থেকে গতকাল ১৭৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এ ছাড়া বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৪ এবং রিজেন্ট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ৫৭২ মেগাওয়াট। এর থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় ১২০ মেগাওয়াট। ফলে শনিবার রাতে লোডশেডিং ছিল প্রায় ২০০ মেগাওয়াট। পিডিবি সূত্র জানায়, এক সপ্তাহ আগেও চট্টগ্রামে লোডশেডিং ছিল সাড়ে ৩০০ মেগাওয়াট। চট্টগ্রামে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ৬৫০ মেগাওয়াট।