কাফকোতে সরবরাহ বন্ধ করে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চট্টগ্রামের বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। কাফকোর পরিবর্তে ওই গ্যাস রাউজান ও শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। এতে চট্টগ্রামে অতিরিক্ত ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে বলে ধারণা করা হচ্ছে।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধের প্রক্রিয়া শুরু হয়। আজ শুক্রবার সকালে রাউজান ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু হবে। বর্তমানে কাফকোতে ৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বিদ্যুৎকেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ শুরু হলে কাফকোতে আট মিলিয়ন এবং বিদ্যুৎকেন্দ্রে ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।রাউজান ও শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্যাস পাওয়ার কথা শুনেছি। তবে তা পেতে পেতে কাল (শুক্রবার) সকাল নাগাদ লাগতে পারে। গ্যাস-সংযোগ দেওয়ার জন্য রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।’ তিনি আরও জানান, রাউজানে বিদ্যুৎ উৎপাদন পুরোদমে শুরু করা সম্ভব হলে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অনেক উন্নতি হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বর্তমানে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর ইউনিটটিও চালু হওয়ায় গতকাল সেখানে উত্পাদন ১৭২ মেগাওয়াটে উন্নীত হয়। এ ছাড়া রেন্টাল পাওয়ার থেকে ২৪ এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রিজেন্ট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।