কাফকোতে ১৭০ দিন গ্যাস সরবরাহ বন্ধ, কর্মীদের বেতন বন্ধের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-কাফকোতে ১৭০ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটি স্বাভাবিক গ্যাস পেলে প্রতিদিন দুই হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদন করে থাকে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আগামী মাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার কর্মচারীরা। গতকাল সোমবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা তুলে ধরে কাফকো এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) অবিলম্বে কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে।সিবিএ নেতারা বলেন, গত ৫ জানুয়ারি থেকে সার উৎপাদন বন্ধ সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পেয়েছেন। তবে ভবিষ্যতে এটা আর সম্ভব নাও হতে পারে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এখানে আট কোটি টাকার ক্ষতি হয়। বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত কাফকোর মতো বিশাল প্রতিষ্ঠান বন্ধ থাকলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগও হুমকিতে পড়তে পারে বলে সিবিএ নেতারা আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, বাংলাদেশে সরকার যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাস বিক্রি করে, তার মধ্যে কাফকোই সবচেয়ে বেশি দামে গ্যাস কিনে থাকে। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির ওপর এ গ্যাসের মূল্যবৃদ্ধি নির্ভর করে। কাফকোতে বর্তমানে ২৮৩ জন কর্মকর্তা আর ৩৪৩ জন কর্মচারী রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাফকো সিবিএর সভাপতি শরাফ উদ্দীন কবির। উপস্থিত ছিলেন সিবিএ সহসভাপতি মো. আবু তাহের, হেদায়েত উল্লাহ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন চৌধুরী, কোষাধ্যক্ষ মো. মোবারক মিয়া, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।