কাফকোর আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার রাতে মারা গেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী ইউরিয়া সার কারখানার (কাফকো) এক নিরাপত্তাকর্মী।
তিনি গত ১ এপ্রিল কারখানার ভেতরে প্রবেশ করা একটি মহিষ তাড়াতে গিয়ে আহত হন। সহকর্মী নিহত হওয়ায় নিরাপত্তাকর্মীরা গতকাল থেকে তিন দিনের শোক কর্মসূচি পালন করছেন।
সূত্র জানায়, ১ এপ্রিল দুপুরে রাঙ্গাদিয়া এলাকার কাফকোর জেটির কাছে একটি মহিষ ঢুকে পড়ে। ওই সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আজিজুর রহমান (২৩) সেটি তাড়াতে গেলে পা পিছলে পড়ে আহত হন। এ সময় তাঁর পা ভেঙে গেলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার সময় তিনি মারা যান।
কাফকোর নিরাপত্তাকর্মী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি হোছাইনুজ্জমান চৌধুরী বলেন, ‘দায়িত্বরত অবস্থায় আজিজুর রহমান মারা গেছেন। আমরা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করছি।’