কাফকোর কর্মকর্তাদের ওপর আবার হামলা
চট্টগ্রামে অবস্থিত বহুজাতিক শিল্পকারখানা ‘কর্ণফুলী সার কারখানার’ (কাফকো) ছয় কর্মকর্তা-কর্মচারীর ওপর গতকাল সোমবার আবারও হামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ আখতারুজ্জমান চৌধুরীর সমর্থকেরা। পুলিশি পাহারায় কর্মকর্তারা একটি মাইক্রোবাসে চড়ে বাসায় ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে এই হামলা হয়। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাফকোর চিফ অপারেশন অফিসার খায়রুল কবির আজাদ, সেকশন ব্যবস্থাপক (নিরাপত্তা) মাসুদুল আলম, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জাওয়াদুল হক, সিবিএ সভাপতি শরফুদ্দীন কবির, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কাফকোর বাসচালক এস এম রফিক প্রমুখ। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। সাংসদ আক্তারুজ্জামানের সমর্থক হিসেবে পরিচিত আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল হান্নান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, কাফকো কর্মকর্তারা সাংসদের সুপারিশে নিয়োগ পাওয়া কর্মচারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর চড়াও হন। হামলার কথা স্বীকার করে কাফকোর কর্মকর্তা জাওয়াদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা বোধ হয় মামলা করেই ফেঁসে গেছি। যাঁদের বিরুদ্ধে মামলা করেছি, তাঁরাই আমাদের ওপর হামলা করেছে।’ কাফকো সূত্রে জানা যায়, এর আগে কর্মকর্তাদের ওপর দুই দফা হামলা হয়। এ নিয়ে কাফকোর কর্মকর্তারা গতকাল বিকেলে আনোয়ারা উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। কাফকোর প্রশাসনিক ভবনে এই বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কর্মকর্তারা বাসায় ফিরছিলেন। কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক থাকায় আগে থেকেই তাঁদের জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়।জানা গেছে, কাফকোর আবাসিক এলাকায় প্রবেশের মূল ফটকে হামলাকারীরা মাইক্রোবাস আটকে কর্মকর্তাদের নামিয়ে আনার চেষ্টা করেন। হামলাকারীদের মধ্যে কয়েকজন আবাসিক এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন। এই সময় তাঁরা মাইক্রোবাস থেকে নেমে পড়া কর্মকর্তাদের মারধর করেন। এতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপরও হামলা চালান। সমঝোতা বৈঠকে উপস্থিত আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘বৈঠকে কাফকো কর্মকর্তারা আমাদের কিছু আশ্বাস দিয়েছেন, আবার অনেকে দুর্ব্যবহার করেছেন। এ কথা শোনার পর বাইরে অপেক্ষমাণ স্থানীয় লোকজন খেপে গিয়ে কর্মকর্তাদের ওপর হামলা চালান।’আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর অনুরোধে চারজনকে চাকরি দেওয়া হয়েছে কাফকোতে। কিন্তু তাঁদের নিরাপত্তা বিভাগে কর্মীর পদে এবং শিল্পমন্ত্রীর সুপারিশের লোকজনকে কর্মকর্তা পদে চাকরি দেওয়া হয়েছে। এটা করে তাঁরা সাংসদকে অপমান করেছেন। এলাকার মানুষ তা মেনে নেবে না।’ চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মো. শাহরিয়ার আলী প্রথম আলোকে বলেন, কাফকো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। প্রসঙ্গত, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা গত ২৩ আগস্ট প্রথমবার কাফকোর চার শীর্ষ কর্মকর্তার ওপর হামলা করেন। গত রোববার দ্বিতীয় দফায় হামলা হয় দুই কর্মকর্তার ওপর।