কাফকোর চার কর্মকর্তা লাঞ্ছিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানার (কাফকো) শীর্ষস্থানীয় চার কর্মকর্তা স্থানীয় যুবকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কারখানা থেকে বাসায় ফেরার পথে অন্তত ১৫ থেকে ২০ জন যুবক তাঁদের ওপর হামলা চালায়।কর্মকর্তারা হলেন সেকশন ব্যবস্থাপক মারুফ আহমদ খান, চিফ অপারেশন অফিসার খায়রুল কবির আজাদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এন ইকবাল ও উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা) মামুনুর রশীদ।স্থানীয় লোকজন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে ছুটির পর কাফকোর চার কর্মকর্তা গাড়ি নিয়ে বের হচ্ছিলেন। এ সময় কাফকোর মূল ফটকে অন্তত ১৫ থেকে ২০ জন যুবক গাড়িগুলো থামানোর দাবি জানায়। তারা লাঠি দিয়ে কর্মকর্তাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। কাফকোর মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এন ইকবাল প্রথম আলোকে বলেন, ‘তারা চিৎকার করে বলেছে, “আমাদের লোকজনকে সুবিধামতো পদে চাকরি দিতে হবে। তা না হলে তোমরা এখানে থাকতে পারবে না।”’জানা যায়, প্রায় ১০ মাস আগে কাফকোতে স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর অনুরোধে চারজন এবং শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার অনুরোধে চারজন কর্মী নিয়োগ দেওয়া হয়। তাঁদের নিরাপত্তা বিভাগে নিয়োগ দেওয়ার জন্য বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু ওই কর্মীরা নিরাপত্তা বিভাগে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তাঁরা আরও বড় পদে কাজ করতে চান। কাফকোর মহাব্যবস্থাপক এম এন ইকবাল বলেন, তাঁদের সে যোগ্যতা নেই। এ জন্য নিরাপত্তার কাজেই তাঁদের স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হামলার পর মনে হয়েছে, এসব কর্মী পছন্দের পদ না পাওয়ায় তাঁদের পক্ষের লোকজন হামলা চালিয়েছে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার খবর আমি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ থানায় আসেনি।’ জানতে চাইলে কাফকোর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহেদুল হক বলেছেন, তাঁরা এ থানায় অভিযোগ জানাবেন।